কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল্লাহ মোল্যা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা মুর্শিদা খাতুন বাদী হয়ে কয়রা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত সাইফুল্লাহ মোল্যাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোবরা গ্রামের শাহিন ঢালীর চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত কন্যা বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এ সময় একই গ্রামের সাইফুল্লাহ মোল্যা তাকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
শিশুটির চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত সাইফুল্লাহ মোল্যাকে আটক করে রাখেন। খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।