মোহাঃ হুমায়ুন কবির:
খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা মাঝিসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের
খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কয়রা থানাধীন সিংহেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির জিডি নং-৩৮৯, তারিখ ২১ আগস্ট ২০২৬- এর ভিত্তিতে এসআই এসএম দিদারুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, কনস্টেবল ৮৪২ আবুল কালাম ও কনস্টেবল ১৫১২ মো. হৃদয় তালুকদার দিবাকালীন নৌ টহলে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, সিংহেরটেক এলাকায় কয়েকজন পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত
নৌকা ডুবে গেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় নৌ পুলিশের টহল দল।
সেখানে পৌঁছে তারা দেখতে পান, তিনজন নৌকা ধরে পানিতে ভাসছেন এবং অপর ছয়জন নদীতে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছেন।
পরে নৌ পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন। তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫) ও মো. আব্দুল্যাহ (২২)। তাদের মধ্যে কয়েকজন সাতক্ষীরার শ্যামনগর এবং কয়েকজন যশোরের বেনাপোল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া পর্যটকরা জানান, তারা শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী এলাকা থেকে সুন্দরবনের আশপাশ ও আংটিহারা এলাকা ভ্রমণের উদ্দেশ্যে নৌকাযোগে রওনা হন। ঘোরাফেরা শেষে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে সিংহেরটেক এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়।
তবে নৌ পুলিশের দ্রুত ও সময়োপযোগী উদ্ধার তৎপরতায় নৌকায় থাকা ৯ জনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।