- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামরীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দুইটি পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মাঠে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে করে প্রতিষ্ঠানের শিক্ষা সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাদকসেবীরা অবাধে চলাফেলার কারণে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা রয়েছে চরম আতঙ্কে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধানশিক্ষক তাঁর প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনে মাদকের আড্ডা বন্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, সৈয়দপুরে শহরের সাহেবপাড়া এলাকায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়টি বিগত ১৯৬৩ সালে স্থাপিত হয়েছে।প্রাচীনতম এ বিদ্যালয়ে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর এখানে কর্মরত রয়েছে ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী। বিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে পশ্চিম দিকে দুইটি পরিত্যক্ত পাকা ভবন রয়েছে। পরিত্যক্ত ভবন দুটির দরজা- জানাজাও খোয়া গেছে অনেক আগেই। ফলে পরিত্যক্ত ভবন দুটিতে প্রতিনিয়ত বহিরাগত মাদকসেবীরা মাদকসেবনের আস্তানা গড়ে তুলেছেন।
এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠানের অভ্যন্তরের পরিত্যক্ত ভবন দুইটিতে প্রবেশ করে মাদক সেবনে বাঁধা দিলেও তারা বিদ্যালয় কর্তৃপক্ষের কোন কথায় কর্ণপাত করছেন না। বরঞ্চ দিন দিন তাদের উপদ্রব আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে বিদ্যালয় ছুটির পর ভবন দুইটি পুরোপুরি মাদকসেবী দখলে চলে যায়। প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ ও মাদকসেবনে বাঁধা দিলে বিদ্যালয়ের কর্মচারীদের ওপর মারমুখী হয়ে উঠে মাদকসেবীদের। এমন কি মাদকসেবীরা প্রকাশ্যে বিদ্যালয়ের কর্মচারীদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধমকি প্রদর্শন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় অনেকটাই নিরূপায় হয়ে সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বুধবার সৈয়দপুর থানার অফিষার ইনচার্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের অভ্যন্তরে পরিত্যক্ত দুইটি পুরাতন ভবনে মাদকসেবীদের চরম উৎপাত ও মাদক সেবনের বিষয়ে বুধবার (৯সেপ্টেম্বর) থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এর আগেও কয়েক বার পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছিল। কিন্তু তাঁরা কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করেননি। ফলে মাদকসেবীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে দুইটি পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডা ও মাদকসেবনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের একটি লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর পরই সেখানে তাৎক্ষণিকভঅবে অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।