- আন্তর্জাতিক ডেস্ক ::
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বাংলাদেশ, গাম্বিয়া ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ। খবর বিবিসির। তিনি রোহিঙ্গা ইউনাইটেড কাউন্সিলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক সভাপতি।
বৃহস্পতিবার কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে বসে ছোট পর্দায় আইসিজের রায় দেখেন তিনি। এ সময় সেখানে উপস্থিত অনেকে রায়কে স্বাগত জানিয়ে উল্লাস করেন।
বার্তা সংস্থা এএফপিকে সৈয়দ উল্লাহ বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের পাশে থাকার জন্য বাংলাদেশ, গাম্বিয়া ও ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরো বলেন, ‘নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
এদিকে, এই রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ বলেন, বহু বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যাটি বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেছে। আজকের এই রায় আমাদের সেই প্রচেষ্টাকে আরো জোরদার করবে।
আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই রায়কে ভিত্তি করে এখন মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়।