- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছায় স্বত্ব-দখলীয় জমি জবর দখল নিয়ে মৎস্য ঘের করার চেষ্টা এবং চুরি মামলায় পুলিশি হয়রানির অভিযোগে শরিকগণদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মজিদ গোলদার (বয়াতী)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পাইকগাছা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মজিদ গোলদার অভিযোগ করে বলেন, পৌরসভার শিববাটী মৌজায় তাদের প্রায় ৬ দশমিক ৭৬ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। সর্বশেষ জরিপে যার কিছু অংশ ভ্রমাত্নকভাবে অন্যদের নামে রেকর্ড হয়েছে।
তিনি অভিযোগ করেন, ওই সুযোগে আমিনুল ইসলাম কাজল ও শাহানা সুলতানাসহ কয়েকজন তাদের মৎস্যঘের দখলের অপচেষ্টা এবং ঘেরের মাছ ও মালামাল নিয়ে যাওয়ার মাধ্যমে ক্ষতি করেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর তাদের পক্ষের লোকজনের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে মামলা করা হয় বলে জানান তিনি। ওই মামলায় কহিনুর বেগম ও আসাদুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আব্দুল মজিদ জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য খুলনার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দেঃ ১০৯/২৩ ও দেঃ ৩৪/২৩ নম্বরে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জমি ও ঘেরের দখল ফিরে পাওয়া, মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলের সুযোগসহ চার দফা দাবি জানান।