- উত্তম চক্রবর্তী ।।
আসন্ন শ্যামকুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি দোয়া, সমর্থন ও খোঁজখবর নিচ্ছেন।
দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত তিনি শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া-মহল্লায় সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করছেন। এ সময় এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে কাছে টেনে নেন এবং তার এই গণসংযোগে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।
গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে আলহাজ্ব রফিকুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ক্ষমতার জন্য নয়, আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা অতীতে যেভাবে আমাকে মূল্যায়ন করেছেন, ভবিষ্যতেও আপনাদের সেবা করার সুযোগ দিয়ে ধন্য করবেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই।
এ সময় তার সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।