মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সদর উপজেলার চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নারী মরদেহটির হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার মধ্যে থেকে প্রথমে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া যায়। নারীর দুই হাত বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সদস্যরা কাজ করছেন।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।