- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার চর্চা অব্যাহত রাখা, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ পুলিশ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ -২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিনি স্টেডিয়ামে সৈয়দপুর থানা পুলিশ ওই প্রতিযোগিতার আয়োজন করে। এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বাছাই করা বালক ও বালিকা দল অংশ নেয়। খেলায় বালকের লাল দল ২৬-১৭ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে। বালিকা লাল দল ২৯-১৯ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে।
আগামি ১৮ সেপ্টেম্বর নীলফামারীতে জেলা পর্যায়ের খেলায় অংশ নিবে সৈয়দপুরের দুটি দল।
ওইদিন কিশোরগঞ্জ থানা পুলিশের বালক ও বালিকা দলের মুখোমুখি হবে সৈয়দপুর থানা পুলিশের বালক ও বালিকা কাবাডি দল।
এরআগে মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা ও সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. শফিকুল ইসলাম, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, ক্রীড়া সংগঠক আহসান উদ্দিন বাদল, মুক্তার সিদ্দিকী প্রমুখ।