সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে: সৈয়দপুরে গোলাম পরোয়ার
প্রকাশিত :
শনিবার, ৯ মে, ২০২৬
২০
বার পঠিত
সৈয়দপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগনের সাথে যেমন প্রতারণা করছে , তেমনি উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য করছে। একইসাথে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপেরও অপচেষ্টা চালাচ্ছে। শনিবার (৮ মে) সকাল সাড়ে ৮ টায় দলীয় কর্মসূচিতে পঞ্চগড় যাওয়ার আগে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লঙ্কায় যেই যাক সেই হয় রাবণ। এমন প্রবাদ এখন বাস্তবে দেখছি। বিএনপি ক্ষমতায় এসে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে প্রতারণায় মেতে উঠেছে দাবি করে মিয়া গোলাম পরোয়ার বলেন, তারা নির্বাচনের আগে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভোটও দিয়েছেন। এখন জুলাই সনদ বাস্তবায়ন করবেন বললেও গণভোটের রায় মানছেন না। এটা মহা প্রতারণা।
জামায়াতের সেক্রেটারি বলেন, আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা না করে উৎসাহিত করি। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা বা সরকার দলীয় এমপিকে প্রাধান্য দেওয়াকে গ্রহণযোগ্য মনে করিনা। বরং ন্যায্যতা ও সাম্যতার ভিত্তিতে উন্নয়ন করতে হবে। সরকার এক্ষেত্রেও চরম বৈষম্য শুরু করেছে। বিএনপির নির্বাচিত একটি এলাকায় একাধারে সিটি কর্পোরেশন, নতুন উপজেলা সৃষ্টি, বিশ্ববিদ্যালয় স্থাপন, আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে। অথচ সার্বিক গুরুত্ব বিবেচনা করে এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন স্থানে হওয়া উচিত। সেই ধারাবাহিকতায় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা সবচেয়ে যৌক্তিক। এতে উত্তরাঞ্চলের আর্থ সামাজিক ক্ষেত্রে প্রকৃত উন্নয়ন সাধিত হবে। যা অবহেলিত বৃহত্তর রংপুর দিনাজপুর এলাকাকে সমৃদ্ধ করবে। এটাই এ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি এবং অধিকারও বটে।
তিনি বলেন, এমন জনদাবিগুলো উপেক্ষা করা কখনোই কল্যাণকর নয়। বিএনপি যেভাবে সব জনস্বার্থ নিয়ে ব্যাকপাস খেলছে তাতে উল্টো গোল খাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যা বিএনপিই শুধু নয় দেশের জন্যও ক্ষতিকর হিসেবে দেখা দিবে।
তারা ফ্যাসিস্ট আমলে গণ মাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে আন্দোলন করলেও এখন সেই আত্মঘাতী ধারায় অনেক গণমাধ্যমকে কুক্ষিগত করে বেপরোয়াভাবে চাকরিচ্যুত করাসহ সংবাদ কর্মীদের নির্যাতন করা হচ্ছে।
এসময় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সফরসঙ্গী ছিলেন, সংগঠনটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান ও সহ সভাপতি গোলাম রব্বানী।
এরআগে, বিমান বন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান, নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমিনসহ শতাধিক নেতাকর্মী বৃন্দ।