উন্নয়ন খাতে বরাদ্দ বেশী রেখে সৈয়দপুর পৌরসভায় ১২২ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশিত :
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
৩০০
বার পঠিত
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর:
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ইং অর্থ বছরের জন্য ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল চারটায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট উপস্থাপন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌরসভার প্রশাসক মো. নুর – ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার প্রধান নির্বাহী ও নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। বাজেট ঘোষণা অনুষ্ঠানের মঞ্চে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দীন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই- আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী প্রকৌশলী এম এম আলী রেজা রাজু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মো. নুর – ই – আলম সিদ্দিকী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সৈয়দপুর পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এসব কাজে স্থানীয় সরকার ছাড়াও অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক। তিনি বলেন, সৈয়দপুরের প্রধান প্রধান সড়কের উন্নয়ন কাজ আগামি মাসে শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে শহরের তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার, এবং শহীদ জহুরল হক সড়কের মোড় থেকে বসুনিয়া পাড়া মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সহ মোট সাত কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ওই সড়কের দুই পাশে ড্রেন ও লাইটিংয়ের ব্যবস্থা থাকে। এ কারণে সড়কটি হবে দৃষ্টিনন্দন। সড়ক দুটির কাজ শেষ হলে যানবাহন চলাচলসহ শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তিনি বলেন, পৌরসভার ১৫ টি ওয়ার্ডেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে এবং আগামিতেও নতুন নতুন প্রকল্পের আওতায় এসব কাজ অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, শহরের যানজট সহনীয় পর্যায়ে আনতে খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে পৌরসভার বাজেটে বাৎসরিক সম্ভাব্য আয় ব্যয়সহ পৌর এলাকার সমস্যা এবং উন্নয়ন বিষয়ে আলোচনায় অংশ নেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, পৌর আমির শরফুদ্দিন খান, সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক অধ্যাপক শওকত হায়াত শাহ, সাংবাদিক এম আর আলম, আমিরুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল খালেক সাবু, আলোচকরা পৌরসভার ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে তা কার্যকরের আহবান জানিয়ে বলেন,
সৈয়দপুরের সবচেয়ে জটিল সমস্যা যানজট। এ যানজট সহনীয় পর্যায়ে আনতে হলে পৌরসভা, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে, ৩৮ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা। রাজস্ব খাতের আয়ের উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে, কর (ট্যাক্সেস) নয় কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৯৬ টাকা, রেইট আট কোটি ১৫ লাখ ২৩ হাজার ৪২০ টাকা, পৌর ফি ছয় কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা,স্থাবর সম্পত্তি হতে আয় ছয় কোটি ৫০ লাখ টাকা, পৌর সম্পত্তি হতে ভাড়া তিন কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা, পানি শাখার আয় এক কোটি ৭৮ লাখ চার হাজার ৬৮৩ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় দুই কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা। উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১০৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৯৩৯ টাকা। উন্নয়ন খাতের আয়ের উল্লেখযোগ্য হচ্ছে, বিশেষ অনুদান চার কোটি, অফিস ভবন নির্মাণ দুই কোটি, এলজিসিআরআরপি প্রকল্পে ১০ কোটি, আরইউটিডিপি প্রকল্পের আওতায় সৈয়দপুর নবনির্মিত সুপার মার্কেট দ্বিতল, তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণ ১০ কোটি টাকা, রেসিলিয়ান্ট আরবান এ্যান্ড টেরিটোরিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের ( আরইউটিডিপি) আওতায় রাস্তা ও ড্রেন নির্মাণ, ফুটপাত ও ইলেকট্রিফিকেশনে ২০ কোটি টাকা, আরইউটিডিটি প্রকল্পের আওতায় কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে ১০ কোটি টাকা প্রভূতি।পক্ষান্তরে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে, ৩৮ কোটি ৪৭ রাখ ৫৫ হাজার টাকা।
রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ছয় কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, সম্মানী ভাতা এক কোটি তিন লাখ, কনজারভেন্সি মঞ্জুরি ১১ কোটি ১৮ লাখ, সংস্থাপন খাতে তিন কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার দুই কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, রাস্তার বাতিসহ আনুসাঙ্গিক খরচ দুই কোটি ৯০ লাখ, অফিসভবন, শিশুপার্ক, হাটবাজারের জমি ক্রয় এবং শহর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন বাবদ দুই কোটি ৫০ লাখ ও নিজস্ব তহবিলে উন্নয়নে ২৫ লাখ টাকা। এছাড়াও বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে এক শত ছয় কোটি তিন লাখ ৫৪ হাজার ৯৩৯ টাকা।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল খালেক, উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলমা, হিসাবরক্ষক ও সৈয়দপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের, সুধীজন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক,ব্যবসায়ী, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুজন শাহ্।