সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ
প্রকাশিত :
সোমবার, ২০ জুলাই, ২০২৬
১৮
বার পঠিত
সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে গোলাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে সরকারিভাবে বরাদ্দ হওয়া সহায়তার অর্থের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। রবিবার (১৯ জুলাই) বিকেলে শহরের গোলাহাট বাজারে সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার অর্থের চেক ও খাদাসামগ্রী দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. বছির উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপি নেতা ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ।
শেষে গোলাহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক ও খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি বিলকিস ইসলাম এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা সাইদ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, মহিলা দল নেত্রী রোজিনা সরকার।
প্রসঙ্গত, গত ১৬ জুন দুপুরে গোলাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাজারের পাঁচ ক্ষুদ্র ব্যবসায়ীর মালামাল পুড়ে ছাই হয়। খবর পেয়ে গত ১৯ জুন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দিয়ে তাৎক্ষণিক ব্যক্তিগত তহবিল থেকেও অর্থ সহায়তা করেন এমপি বিলকিস ইসলাম।