- নিজস্ব প্রতিবেদক ::
খুলনার পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও ওজনে কারচুপির অভিযোগে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলার চাঁদখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্র জানায়, খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার খবরে চাঁদখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ধামরাইলে ডিলার মীর আজিজুর রহমান বাবু এবং কমলাপুরে মাজহারুল ইসলাম নামে দু’জন ডিলার সরকার নির্ধারিত ৩০ কেজি ওজনের পরিবর্তে উপভোক্তাদের ২৬-২৭ কেজি করে চাল দিচ্ছেন বলে প্রতীয়মান হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ওই দুই ডিলারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে কোন অনিয়ম বা ওজনে কম দেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন পপ্রসিকিউটর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পেশকার তুহিন বিশ্বাসসহ আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।