- প্রতিবেদক, পাইকগাছা (খুলনা) ::
পাইকগাছা পৌর সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ ও বক্স খাট চুরির ঘটনায় দায়ের করা মামলায় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কহিনুর বেগম (৪৫) এবং আসাদুল ইসলাম (২১)।
এর আগে পৌর সদরের বিদ্যুৎ পাওয়ার গ্রীড সংলগ্ন এলাকার বাসিন্দা আমিনুর ইসলাম অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থানকালে তার তালাবদ্ধ বাসা থেকে অজ্ঞাত চোরেরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি বক্স খাট, ফ্রিজসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আমিনুরের খালাতো বোন শাহানা সুলতানা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
সূত্র জানায়, আমিনুর রহমানা ঢাকায় যাওয়ার আগে বাসার চাবি তার খালাতো বোন শাহানা সুলতানার নিকট রেখে যান। এরপর চুরির ঘটনায় মালামাল আটককৃতদের কাছে রয়েছে বলে নিশ্চিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিতপূর্বক শাহানা নিজেই বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা করেন।।
এর প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কহিনুর বেগম ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে চোরাইকৃত ফ্রিজ ও বক্স খাট উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কৃপাসিন্দু মৃধা জানান, উদ্ধারকৃত চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।