মুন্সীগঞ্জ প্রতিনিধি::
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাষী বালিগাঁও এলাকায় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে কুদ্দুস নামে এক মাদক ব্যবসায়ী। সে উপজেলার চাষী বালিগাঁও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নিখোঁজ মাদক ব্যবসায়ী সুদ্দুসকে খুঁজে পেতে বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দলের সদস্যরা।
জানাগেছে, বুধবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে পুলিশ দেখে কুদ্দুস খালের পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরের দিন বৃহস্পতিবার সকালে ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা কুদ্দুসকে খুঁজে পেতে উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয়রা বলেন , কুদ্দুস এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে মাদক বিক্রি করে পাশাপাশি বাড়িতে জুয়ার আসরও বসায়। এলাকার পরিবেশ নষ্ট করে ফেলছে। কিছুদিন পর পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে যায়। পুনরায় জেল হাজত হতে জামিনে এসে মাদক ব্যবসা করে।
কুদ্দুস এর মা তহুরা বেগম বলেন, আমি আমার ছেলেকে চাই, আমার ছেলেকে হারানোর বিচার চাই। কুদ্দুস এর মেয়ে ফাহিমা বলেন, আমার বাবাকে তারা কেনো বাচাইলোনা, তারা চাইলে তখন আমার বাবাকে উঠাইতে পারতো। তাদের চোখের সামনে আমার বাবা পানিতে ডুইবা গেছে।
বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আলমগীর মোল্লা বলেন, মাদক ব্যবসায়ী কুদ্দুস পুলিশ দেখে ভয়ে পালানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। কুদ্দুসকে খুঁজে পেতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে।
ঢাকা হেড কোয়ার্টার থেকে আশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল খায়ের জানান, সকাল ৭:৪০টা থেকে ৫সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ করছেন। কুদ্দুসকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।
টঙ্গিবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, বুধবার বিকাল ৫টার দিকে আমরা অটোতে করে যাচ্ছিলাম। একই সময় কুদ্দুস আরেকটি অটোতে করে আসছিলেন। আমাদের দেখেই সে অটো থেকে নেমে দৌড়ে পালাতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। তাকে অনেকবার উঠে আসতে বলার পরেও সে সাঁতরে গিয়ে নিখোঁজ হয়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, বুধবার বিকালে মাদক ব্যবসায়ী কুদ্দুস পুলিশ সদস্যদের দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে ঝাঁপ দেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উঠে আসতে বললে সে উঠে না এসে সাঁতরে পালিয়ে যায়। তিনি আরো জানান কুদ্দুসের বিরুদ্ধে ১৫টির অধিক মাদক মামলা রয়েছে।