স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে হাসপাতালে পৌঁছে মন্ত্রী প্রথমে রান্নাঘর পরিদর্শন করেন। রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে তিনি খাবার চেখে দেখেন। পরে তিনি মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ, ওয়াশরুম এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে তাদের মতামত নেন। এছাড়া হাসপাতালের পুকুর ও চত্বর ঘুরে দেখে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাসপাতালের সমস্যা, সেবার মান এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তদারকি জোরদারের নির্দেশ দেন।
এ সময় তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা মেডিকেল অফিসার শাওলী নানজিবা তন্নিকে স্বাস্থ্য মহাপরিচালক কে স্টান্ড রিলিজ করার জন্য নির্দেশ দেন। তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ করে নাইট গার্ড মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।তিনি আরও বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করা হবে।মন্ত্রী জানান, হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। সেখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।