খুলনা প্রতিনিধি:
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে খুলনায় অনুষ্ঠানমালা নির্ধারণ বিষয়ে প্রস্তুতিসভা আজ বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ২১ জেলার তিন কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ষড়যন্ত্রকে হার মানিয়ে এই প্রকল্প আলোর মুখ দেখেছে। এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সব আয়োজন সুন্দর করার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বিত প্রচেষ্টা দরকার। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক আশা পূর্ণতা পাবে, তাই এ উৎসব আনন্দঘন হওয়াটাই স্বাভাবিক।
সভায় আগামী ২৫ জুন খুলনা জেলা স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা, আতশবাজি ও লেজার শো, তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানানো হয়। একই সাথে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া খুলনা মহনগরীর সকল প্রবেশ পথে তোরণ নির্মাণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র এ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বলেও জানানো হয়।
সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।