সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটের দিকে পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।
এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানা-পুলিশ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।