সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল শনিবার (০১জুন) সৈয়দপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে । বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে এ নির্বাচন।
নির্বাচনে ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনটি পদে কোন প্রার্থী না থাকায় তিনজন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে সাকির হোসেন বাদল ও আবু বিন আজাদ রতন , সাধারণ সম্পাদক পদে এম এ করিম মিস্টার ও জিকরুল হক, সহ সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ও ওবায়দুল ইসলাম , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম ওমর ফারুক ও হীরা শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সদস্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন কাজী জাহিদ , এম আর আলম ঝন্টু নজরুল ইসলাম, মকসুদ আলম, আখতারুল ইসলাম মৃধা ও সাদেকুল ইসলাম। অপরদিকে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সহ সভাপতি পদে নজির হোসেন নজু, অর্থ সম্পাদক পদে গোপাল চন্দ্র রায় ও দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান মিলন। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদটি নিয়ে বেশ আলোচনা চলছে। প্রার্থীরা বিজয়ী হতে ভোটারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। অন্য পদের প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন বিরামহীন প্রচারণা। দীর্ঘ কয়েক বছর পর ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে ভোটারদের মাঝে।
সংগঠনটির ৩১ জন সদস্য উন্মুখ হয়ে আছেন আগামি ২ বছরের জন্য প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচনে। নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।