শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া:
তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান সমস্যার তাৎক্ষণিক নিষ্পত্তির লক্ষ্যে আকস্মিক ডুমুরিয়ার সাহস ইউনিয়নের লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার।
সোমবার দুপুরে বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষ গুলো ঘুরে দেখাসহ শিক্ষার্থীদের উপস্থিতির হার ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন। এসময় শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন। একই সাথে তিনি স্থানীয় মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও নানা বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার জানান, তৃণমূল পর্যায়ের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান যেন তার সঠিক সেবা নিশ্চিত করতে পারে, সেটি তদারকি করতেই এ আকস্মিক পরিদর্শন তার। শুধু অফিসে বসে প্রশাসনিক কাজ পরিচালনা করলেই তৃণমূলের প্রকৃত অবস্থা জানা সম্ভব হয় না এমন ধারণা থেকেই নিজে সরাসরি মাঠে এসে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মন্দির পরিদর্শন করে বেশ কিছু সমস্যা তার দৃষ্টিগোচর হওয়ায় সেগুলোর তাৎক্ষণিক সমাধানে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। আর বিদ্যালয়টির অবকাঠামোগত বা দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে আশ্বস্ত করে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সব সময় প্রান্তিক মানুষের পাশে থাকবেন বলেও দিাবি করেন।
পরিদর্শনকালে স্থানীয় ইউপি প্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং মন্দিরের পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা প্রশাসনের এমন আকস্মিক পরিদর্শন, সমস্যা চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।