- মুন্সীগঞ্জ প্রতিনিধি::
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৮ পিস ইয়াবাসহ স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি চোরাই কলার ছড়া উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক স্বপন শ্রীনগর উপজেলার খাররা এলাকার আব্দুল আজিজের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চুরির উপদ্রবের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে স্বপনের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে স্বপন মাদক কেনার টাকা সংগ্রহের জন্য বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ বিভিন্ন জিনিস এবং পুকুর থেকে মাছ চুরি করার কথা জানিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থান থেকে পাঁচটি চোরাই কলার ছড়া উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ওই এলাকার বিভিন্ন বাগান ও পুকুর থেকে চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।