- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব সাজাহান আলী চৌধুরীর ১৯ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৭ আগস্ট) পালন করা হয়েছে।
হাজারীহাট স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আয়োজিত মৃত্যুবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাজাহান আলী চৌধুরীর কবর জিয়ারত, কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক বাবর আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান, স্কুল শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মতিন ও সহকারী শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ।
এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মরহুম আলহাজ্ব সাজাহান আলী চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে কোরআন খানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সব অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।
হাজারীহাট স্কুল এন্ড কলেজের স্কুল শাখাটি বিগত ১৯৫৮ সালে প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শাজাহান আলী চৌধুরী। এরপর ১৯৯৬ সালে সেটিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করা হয়। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা পালনের মাধ্যমে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ – বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।