- আব্দুল মান্নান, শার্শা (যশোর) থেকে ॥
বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিশাল অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
বৃহ¯প্রতিবার সকালে বেনাপোল ইসলামী ব্যাংক শাখার সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি মাওলানা আঃ রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মাওলানা আঃ রহিম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংককে যারা দখল করার জন্য উঠেপড়ে লেগেছে, তারা সাবধান হয়ে যান। এই ব্যাংকে কোটি কোটি মানুষের ঘাম ঝরানো টাকা রাখা হয়। জনগণের আমানত রক্ষাকারী এই ব্যাংককে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করবো, ইনশাআল্লাহ। অবিলম্বে আমাদের ৬ দফা দাবি মেনে নিয়ে ব্যাংকটিকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে।
কর্মসূচিতে ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবুর রহমান, হাসানুজ্জামান এবং আইয়ুব আলী।
এছাড়া নারী সদস্যদের মধ্যে হুসনেয়ারা, চায়না খাতুন, আমেনা বেগমসহ স্থানীয় সাধারণ গ্রাহক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে গ্রাহকদের পক্ষ থেকে ৬টি প্রধান দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্তকরণ এবং প্রকৃত মালিকের নিকট ফেরত প্রদান, চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিতকরণ, দালাল চক্রের বহিষ্কার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, অবস্থান কর্মসূচি শেষে বক্তারা উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।