- সাতক্ষীরা প্রতিনিধি ::
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) উপজেলার রমজাননগর ইউনিয়নের ১০নং সোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের আলম গাজীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে নাহিদ পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের একটি জলাশয়ের পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ টের না পাওয়ায় সে দীর্ঘ সময় পানিতে পড়ে থাকে।
একপর্যায়ে পরিবারের সদস্যরা নাহিদকে বাড়ির আশপাশে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শিশুটির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।